প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
যশোরে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

যশোরে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন
সুমন ঘোষ যশোর
যশোরে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে ‘মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন’ (আপস-মীমাংসা) কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার জেলা আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
যশোর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও জেলা এবং দায়রা জজ বেগম মাহমুদা খাতুন। অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও লিগ্যাল এইড সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আদালতে দীর্ঘদিন ধরে চলমান মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জানান, আদালতে মামলা দায়েরের আগেই আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করা গেলে বিচার ব্যবস্থার ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ দ্রুত আইনি প্রতিকার পাবেন।
সভাপতির বক্তব্যে বেগম মাহমুদা খাতুন বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত ও সহজলভ্য করতে জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। তাঁর মতে, নতুন এই উদ্যোগ বাস্তবায়নের ফলে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীসহ সব শ্রেণির মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন